রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বিশাল সেন্টারের সামনে পার্কিংয়ে রাখা গাড়িটিতে গুলি
চালানো হয়। ঘটনার সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর, ছিলেন না তার চালকও। তখন তিনি বিশাল সেন্টারের তৃতীয় তলায় নিজের স্টুডিওতে অবস্থান করছিলেন। গুলিতে গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গাড়িটিতে গুলি ছুড়ে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যায়। তবে হামলাকারীর পরিচয় ও গুলির কারণ এখনও জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, সিসিটিভি ফুটেজে হামলাকারীর চেহারা স্পষ্ট দেখা যায়নি। শুধু তার পা দেখা গেছে। অটোরিকশাটিতে আরও কেউ ছিলেন কিনা, তা-ও নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীকে শনাক্ত করতে বিশাল সেন্টার ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। হাতিরঝিল থানা-পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মগবাজার মোড় থেকে মালিবাগের দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা আসতে দেখা যায়। অটোরিকশাটি বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যায়। তবে অটোরিকশায় আরও কেউ বসা ছিল কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কাউকে সন্দেহ করছেন কিনা, জানতে চাইলে আসিফ আকবর আমাদের সময়কে বলেন, আমি কাউকে সন্দেহ করতে পারছি না। কেন ঘটনা ঘটেছে তা আমি বলতে পারব না। যে গুলি করেছে সেইই বলতে পারবে কেন গুলি করেছে।
আসিফ আকবরের স্ত্রী সালমা আসিফ মিতু বলেন, সন্দেহ করার মতো কোনো ঘটনা তো আসিফের সঙ্গে কখনও ঘটেনি। আসিফ বরাবরই সবার সঙ্গে মিলেমিশে চলেছে। সব সময় ন্যায্য কথা বলেছে। তবে এই ঘটনা অবিশ্বাস্য। বুঝতে পারছি না, কীসের থেকে কী হয়েছে। জানি না, কী হবে।
