কালবেলা · খেলাধুলা
বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন শুভাগত
১৯/১০/২০২৬

প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে-বলে দীর্ঘদিনের ধারাবাহিকতার স্বীকৃতি পেলেন শুভাগত হোম। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই সংস্করণে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের অনন্য মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার।
মঙ্গলবার কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন ময়মনসিংহ বিভাগের হয়ে খেলা শুভাগত।
ডানহাতি এই ব্যাটার ১২৫ বলে চারটি বাউন্ডারিতে করেন ৭১ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ হাজার ৯৩০ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিলেন। এছাড়া আগে থেকেই ঝুলিতে ছিল ৩১১ উইকেট। ৭ হাজার রানের মাইলফলক ছুঁতে তার প্রয়োজন ছিল আর ৭০ রান।
৭ হাজার রান পূরণ করার পরও স্কোরে আরও এক রান যোগ করেন শুভাগত। শেষ পর্যন্ত ৭১ রানে আউট হন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭ হাজার রান ও ৩০০ উইকেটের মাইলফলক নিজের করে নেন এই অলরাউন্ডার।
বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেছেন শুভাগত। তার আন্তর্জাতিক ক্যারিয়ারে রয়েছে আটটি টেস্ট, চারটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি।
মূল প্রতিবেদনে যান ↗