ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রেসিডেন্টের প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা অন্তত চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর তিনটি সূত্র। তবে হামলার সময় প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।
আজ বৃহস্পতিবার দেশটির অস্থায়ী রাজধানী এডেনে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদ আল-মাশিককে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলার পর ওই এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-ইরয়ানি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, হুথি বিদ্রোহীরা প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সরকারের যুব মন্ত্রণালয়ের মন্ত্রী নায়েফ সালেহ আল-বাকরি সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে বলেছেন, প্রেসিডেন্টের প্রাসাদে হুথিদের হামলায় দুই গার্ড নিহত ও ছয়জন আহত হয়েছেন। তবে সরকারের মন্ত্রিসভার সব মন্ত্রী অক্ষত আছেন।
তিনি জানিয়েছেন, হুথিরা হামলা চালালেও তারা এডেন ছেড়ে যাবেন না।
ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদটি আল-মাশিক নামে পরিচিত। সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, তারাও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। পরে জানতে পারেন প্রেসিডেন্টের প্রাসাদকে মিসাইল দিয়ে টার্গেট করা হয়েছে।
ইয়েমেনের সেনাবাহিনীর তিনটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, নিহতের সংখ্যা চারজনে পৌঁছেছে। এছাড়া আহতের সংখ্যা বেড়েও ১০ জন হয়েছে।
গত কয়েকদিন ধরে হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই হচ্ছে। সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে স্বীকৃতি দিয়ে তাদের পক্ষে হুথিদের বিরুদ্ধে ২০১৫ সাল থেকে বিমান হামলা চালাচ্ছে। ২০২২ সালে হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি হলেও সম্প্রতি এটি ভেস্তে গেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
