যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
প্রশাসনে সচিব পদে বড় রদবদল করা হয়েছে। এদের মধ্যে ছয়জন সচিবের দপ্তর বদলে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। একজন সচিবকে সংযুক্ত করা হয়েছে জনপ্রশাসনে। অতিরিক্ত সচিব পদমর্যাদার এক কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি এবং দুই অতিরিক্ত সচিবকে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক ১০টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন উপসচিব জেতী প্রু। প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান পদে বদলি করা হয়েছে। আর বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান নৌ-পরিবহন সচিবের দায়িত্ব পেয়েছেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারকে সচিব পদে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামানকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব করা হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলমকে সচিবের পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলামকে জাতীয় প্রশাসন একাডেমির রেক্টর করা হয়েছে।
জাতীয় প্রশাসন একাডেমির রেক্টরের পদটি সচিব পদমর্যাদার। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ূন কবীরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
