সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মানিকখিলা হাওর থেকে মাটি কাটতে গিয়ে পানিতে ডুবে গোলাম নুর নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার মানিকখিলা হাওর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত গোলাম নুর (৬৫) উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিককিলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের ভেসে ওঠা উচু যায়গা থেকে মাটি কেটে বাড়িতে আনার জন্য গতকাল রোববার সকালে নৌকা নিয়ে হাওরে যান গোলাম নুর। সকালে গেলেও দিন শেষে বিকেল হয়ে যাওয়ার পর তিনি বাড়িতে না আসায় হাওয়ে খুঁজতে যায় স্বজনরা। কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় নি। পরে আজ সকালে হাওরে তার মরদেহ ভেসে ওঠে। লোকমুখে খবর পেয়ে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, ‘পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ও তাদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
