ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি প্রায় ১৬ বছর ধরে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ওপর দলটির আস্থা রয়েছে—তারা যেন জাতির সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে।
আজ রোববার (০২নভেম্বর) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। এখন পরবর্তী পদক্ষেপ কী হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। আমাদের মূল কথা একটাই—সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন।”
তিনি আরও বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে–বিদেশে বারবার বলেছেন, যথাসময়ে নির্বাচন হবে। আমি আশা করব, নির্বাচনের আগে যেসব বিষয় নিয়ে আলোচনা চলছে, সরকার সেগুলো মীমাংসা করবে।”
এক প্রশ্নের জবাবে গয়েশ্বর বলেন, “আমরা যেহেতু সুষ্ঠু নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি মাঠে নামি, সরকার টিকে থাকবে কি না, তা অনিশ্চিত হয়ে যাবে। সরকার টিকে না থাকলে নির্বাচন অনিশ্চিত হবে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।”
তিনি বলেন, “গণতন্ত্রের স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। দেশের শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে এই সরকারের মাধ্যমেই যেন একটি অবাধ নির্বাচন সম্পন্ন হয়, সেটাই আমরা চাই।”
জনগণের ভূমিকা প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “যদি জনগণ ভোটকেন্দ্রে উপস্থিত হয়, তাহলে কোনো পক্ষই নির্বাচন ভণ্ডুল করতে পারবে না। জনগণই রুখে দাঁড়াবে।”
