অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকায় আজ মঙ্গলবারও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিনের বিভিন্ন সময়ে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমার আভাস দেওয়া হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৬ শতাংশ। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এর আগেও সোমবার ঢাকাসহ আশপাশের এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তখন জানানো হয়েছিল, বৃষ্টির পাশাপাশি অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
