কালবেলা · সাধারণ
অসুস্থ বন্ধুকে দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ২
১৪/১০/২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বৈশামোড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- নরসিংদী জেলার বৌয়াকোড় এলাকার খিতিশ চন্দ্র দাসের ছেলে অনুপ দাস (৫৫) এবং একই জেলার সাটিরপাড়া গ্রামের মো. নওয়াজিশ আজিমের ছেলে মো. আনোয়ারুল আজিম (৫৬)।
নিহতের পরিবারের সদস্যরা জানান, বেসরকারি চাকরিজীবী অনুপ দাস ও পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ারুল আজিম সম্পর্কে ভালো বন্ধু ছিলেন। বুধবার ভোরে তারা দুজন মোটরসাইকেলে করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ অপর এক বন্ধুকে দেখতে যাওয়ার উদ্দেশে নরসিংদী থেকে রওনা হন।
পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামোড়া নামক স্থানে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ দাসের মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে মোটরসাইকেলে করে দুজন সিলেটে যাওয়ার পথে বৈশামোড়া এলাকায় পৌঁছালে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়। তবে ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗