ফুটবল ম্যাচ দেখার সময় কোনোপ্রকার বিঘ্ন এড়াতে স্ত্রীকে ঘরের বেসমেন্টে চেয়ারে বেঁধে রাখার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে ঘটা এই ঘটনায় অভিযুক্ত ৬৪ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর রাতে ভার্জিনিয়ার রিচমন্ড শহরে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের খবর পেয়ে পুলিশ ওই দম্পতির বাড়িতে উপস্থিত হয়। পুলিশ কর্মকর্তাদের কাছে দেওয়া অভিযোগে ওই নারী জানান, তার স্বামী তাকে একটি চেয়ারে বেঁধে প্রায় ৩০ থেকে ৪৫ মিনিট বেসমেন্টে আটকে রেখেছিলেন।
পুলিশ জানিয়েছে, ওই নারীর দুই হাতে টেপ দিয়ে বেঁধে রাখার স্পষ্ট চিহ্ন ও দাগ দেখতে পান তারা।
অভিযুক্ত ব্যক্তির নাম টেরি ওয়ার্ড। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ তাকে গ্রেফতার করে অপহরণ এবং গার্হস্থ্য সহিংসতা সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত করেছে। জিজ্ঞাসাবাদে টেরি ওয়ার্ড নিজেও স্ত্রীকে চেয়ারে বেঁধে বেসমেন্টে রেখে আসার কথা স্বীকার করেছেন।
প্রতিবেদনে বলা হয়, স্ত্রীকে বেঁধে রেখে তিনি ওপরে ম্যাচ দেখতে চলে যান। তবে তিনি ঠিক কোন ম্যাচটি দেখছিলেন কিংবা ঠিক কী কারণে তাদের মধ্যে এই ঝগড়ার সূত্রপাত হয়েছিল, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি।
আগামী ১০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে। মামলাটি এখনো বিচারাধীন এবং অভিযোগগুলো আদালতে প্রমাণিত হয়নি। আইনি প্রক্রিয়া অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি নির্দোষ বলে গণ্য হবেন।