এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) প্রতি বছর অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠান আয়োজন করে। আগামী ১৯ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে এই অনুষ্ঠান হবে। সে লক্ষ্যে খেলোয়াড়, কোচ, সংগঠনসহ নানা ক্যাটাগরিতে মনোনয়ন তালিকা প্রকাশ করেছে এএফসি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে। একটি মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি, আরেকটি গ্রাসরুট ফুটবল সিলভার ক্যাটাগরি। গত বছর বাংলাদেশ এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল। এবার গ্রাসরুটে বাংলাদেশ এক ধাপ উপরের ক্যাটাগরি রৌপ্যতে মনোনীত হয়েছে। এই ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে রয়েছে গুয়াম ও ভারত।
এ ছাড়া বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উঠেছে। মনোনয়নও পেয়েছে এত স্বল্প সময়ের মধ্যেই। যদিও ভারতকে টপকে বাংলাদেশের জন্য পুরস্কার পাওয়া কঠিনই।
বাংলাদেশ গত বছর মেম্বার এসোসিয়েশন রুবি ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি। এবারও মনোনয়ন পেয়েছে। এই ক্যাটাগরিতে এবার বাংলাদেশের পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গতবার পুরস্কার পাওয়া লাওস এবারও আছে। একই ক্যাটাগরিতে আরেকটি মনোনীত ফেডারেশন গুয়াম।
২০১৫ সালে বাফুফে এএফসি অ্যাসপায়ায় মেম্বার অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড পেয়েছিল। এরপর তারা গত বছর এএফসি অ্যাওয়ার্ড পেয়েছিল দশ বছরের ব্যবধানে। গতবারই প্রথম দুটো ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। এবারও সেই ধারাবাহিকতা রয়েছে।
এজেড/এএইচএস
