স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর শাহপরান থানার খাদিমপাড়া এলাকা থেকে ১টি বিদেশী আগ্নেয়াস্ত্র ও ২টি এয়ারগান উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগানের ঝোপঝাড় থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
এসআরবি-৯ সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) সদর কোম্পানির একটি আভিযানিক দল পশ্চিম দলুইপাড়ার একটি রাবার বাগান থেকে একটি পুরোনো বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার করে। তবে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এর সত্যতা নিশ্চিত করে এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি বাটবিহীন ও পুরোনো এবং দুটি এয়ারগানের মধ্যে একটিরও বাট নেই। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অস্ত্রগুলো জিডিমূলে এসএমপির শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এঘটনায় এসআরবি-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
