বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত এ সভায় শিল্পোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরে গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পোদ্যোক্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজশাহী গবেষণাগারের পরিচালক মো. হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএসআইআরের সদস্য (অর্থ) ও সরকারের যুগ্মসচিব মো. তৌফিক-ই-লাহী-চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বিসিএসআইআরের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ বলেন, বিসিএসআইআরের সঙ্গে অংশীজনদের সম্পর্ক উন্নয়নে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় শিল্পোদ্যোক্তাদের সার্বিক সহযোগিতায় বিসিএসআইআর সর্বাত্মক ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি আন্তর্জাতিক মানের গবেষণাগার গড়ে তোলা, দক্ষ জনবল তৈরি এবং প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের ওপর জোর দেন।
বিশেষ অতিথির বক্তব্যে মো. তৌফিক-ই-লাহী-চৌধুরী বলেন, নতুন কর্মসংস্থান তৈরিতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, বিসিএসআইআর ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আহসান হাবীব। এরপর বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের কার্যক্রম, উদ্ভাবিত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশ, বিজ্ঞানীদের অর্জন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোছা. শারমিনা ইয়াসমিন।
কর্মশালায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পোদ্যোক্তা, ভোক্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গবেষণাগারের পরিচালক মো. হাবিবুর রহমান ভূঁইয়া। বিসিএসআইআরের দ্রুততম সময়ে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি পরীক্ষা, কীটনাশক নির্ণয় ও রাসায়নিক উপাদান শনাক্তকরণসহ বিভিন্ন বিশ্লেষণ সেবা এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত পণ্যসমূহ উপস্থিত অতিথিদের প্রশংসাধন্য হয়।
জেএইচআর
