ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে: মেয়র শাহাদাত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরের ২৯৪টি পূজামণ্ডপে জেনারেটরের জ্বালানি খরচ বাবদ প্রতিটি পূজামণ্ডপে পাঁচ হাজার টাকা করে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ ছাড়া কয়েকটি পূজামণ্ডপ ও হরিজন সম্প্রদায়ের জন্য অনুদানসহ মোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) মিলনায়তনে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে এসব তথ্য জানান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে মেয়র জানান, জেএম সেন হল পূজামণ্ডপকে পাঁচ লাখ টাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন পূজা উদ্যাপন পরিষদের জামালখানের কুসুমকুমারী পূজামণ্ডপকে ১৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া চসিকের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য প্রতিটি কলোনিতে ৫০ হাজার টাকা করে মোট দুই লাখ টাকা দেওয়া হয়েছে।
মেয়র বলেন, ‘সব ধর্মের মানুষের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তুলতে চসিক কাজ করছে। চট্টগ্রাম সবার শহর। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করা সিটি করপোরেশনের দায়িত্ব।’
তিনি বলেন, ‘নগরকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ রাখতে সিটি করপোরেশনের উদ্যোগের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ জরুরি। ধর্মীয় উৎসব মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করে। চট্টগ্রামে সব ধর্মের মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’
মেয়র আরও বলেন, ‘নিরাপদ নগর গড়ে তোলা মানে শুধু অপরাধমুক্ত পরিবেশ নিশ্চিত করা নয়; বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ নিরাপদে চলাচল করতে পারবেন এবং সুস্থ ও সুন্দর পরিবেশে বসবাস করতে পারবেন। এ জন্য পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য ও নাগরিক অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ গুরুত্বপূর্ণ।’
নগরের সব ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের ন্যায্য দাবি ও প্রয়োজন পূরণে সিটি করপোরেশন আন্তরিক উল্লেখ করে তিনি বলেন, ‘নাগরিকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। ধর্মীয় উৎসবের সময় নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।’
অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ-চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ ব্যানার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, সহসভাপতি বিপ্লব কুমার চৌধুরী, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুলসহ নগরের ২৯৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
