দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আজ (শনিবার) থেকে এ বন্ধ কার্যকর হবে বলে জানানো হয়। গতকাল শুক্রবার স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নেসার উদ্দিন ভূঁইয়া বন্ধের বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে পরিচালিত বাণিজ্য কার্যক্রম ১৭-২১ অক্টোবর এবং পরে ২৫ ও ২৬ অক্টোবর বন্ধ থাকবে। আগরতলার ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের পক্ষ থেকে আগরতলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট অব কাস্টমসকে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া বাংলাদেশের ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। চিঠির তথ্য অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৭-২১ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ২২-২৪ অক্টোবর পর্যন্ত তিন দিন বন্দর খোলা থাকবে এবং নিয়মিত বাণিজ্য কার্যক্রম পরিচালিত হবে। পরে লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর আবারও দুদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হবে। ২৭ অক্টোবর থেকে বন্দর পুনরায় তার নিয়মিত কার্যক্রমে ফিরে যাবে।
এ বিষয়ে আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আলাউদ্দিন জানান, ব্যাবসায়িক কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে যাত্রী পারাপার আগের মতোই স্বাভাবিক থাকবে।