গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার রঘুনাথপুর এলাকার খেয়াঘাট বুড়িমার গাছতলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন। এ সময় টহল পুলিশের একটি দল মিছিলে বাধা দিতে গেলে ক্ষুব্ধ হয়ে মিছিলকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের গাড়িতে হামলা চালান। এতে গাড়ির কাচ ভাঙচুর করা হয় এবং হামলাকারীদের লাঠির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
