দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৯ হাজার ২৭৫। ফলে আক্রান্তের সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গেছে। গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৫৮ জন। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজন মারা গেছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ নিয়ে চলতি বছরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৯২ হাজার ৪০৩ জন।
ঢাকায় সর্বোচ্চ রোগী ভর্তি: গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। এ ছাড়া খুলনায় ৩০৪, চট্টগ্রামে ২৯৩, বরিশালে ২৩৬, রাজশাহীতে ১৬০, রংপুরে ৮৪ এবং ময়মনসিংহে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। এক দিনে দুই হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি মোকাবিলায় মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
হাম ও উপসর্গে আরো সাত জনের মৃত্যু: এদিকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে এসেছেন ১ হাজার ২৭৩ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬২ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট বিভাগে সর্বোচ্চ তিন জনের মৃত্যু হয়েছে। এ সময়ে বিভাগ ভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৫১৯, চট্টগ্রামে ২৪৩, সিলেটে ১৪০, বরিশালে ১২১, খুলনায় ৮৫, ময়মনসিংহে ৭৮, রংপুরে ৫০ এবং রাজশাহীতে ৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
সন্দেহজনক হাম রোগী দুই লাখের বেশি: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮২ হাজার ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৬৯ জন। এ সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২২ হাজার ৪২১ জনের। ডেঙ্গু ও হাম, দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। রোগের বিস্তার নিয়ন্ত্রণে নজরদারি জোরদার, সময়মতো চিকিৎসা এবং জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি।
বিআলো/অর্নব