নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরকীয়া প্রেমিকের ভাড়া বাসা থেকে নাদিম আকন্দ (৩৬) নামে এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের একটি টিনের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী খাদিজাকে আটক করেছে পুলিশ। তবে পরকীয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, নাদিম আকন্দ ১৪ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার উত্তর জাঙ্গালিয়া এলাকার জসিমউদ্দিনের ছেলে। তিনি আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়নের কালিবাড়ী এলাকায় ভাড়া বাসায় থেকে একটি ডাইং মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে দুপ্তারা ইউনিয়নের দড়ি সত্যভান্দী গ্রামের বাতেনের ভাড়া দেওয়া টিনের ঘরের ভেতরে বস্তাবন্দী লাশ দেখতে পান বাতেনের ছেলে। ঘর থেকে দুর্গন্ধ বের হলে তিনি বিষয়টি পুলিশকে জানান।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহতের স্ত্রী খাদিজার সঙ্গে নড়াইল জেলার হাকিম মোল্লার দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক ছিল। এ সম্পর্কের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় প্রতিবেশীরা জানান, হাকিম মোল্লা ওই বাসায় খাদিজার স্বামী পরিচয়ে বসবাস করতেন। তবে গত এক সপ্তাহ ধরে তাদের আর দেখা যাচ্ছিল না।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরকীয়া প্রেমিক হাকিম মোল্লা পলাতক রয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএ
