গাইবান্ধার সাদুল্লাপুরে গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে মারধরের ঘটনায় আজিজুল মিয়া (৫৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৬ অক্টোবর) রাত ১২টা ৩৯ মিনিটের দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত আজিজুল মিয়া সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসবপুর (পশ্চিম) গ্রামের বাসিন্দা।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে নিহতের বাড়ির সামনের আঙিনায় প্রতিবেশী জসিজল হক ওরফে ডিপটির গোয়ালঘর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে আজিজুল মিয়ার সঙ্গে বিবাদীপক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁকে বাঁশের লাঠি ও ইট দিয়ে আঘাত করা হলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত আজিজুল মিয়াকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন বিকেল আনুমানিক ৪টার দিকে তাঁকে সেখানে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে সাদুল্লাপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনার আলামত হিসেবে ব্যবহৃত বাঁশ ও ইট জব্দ করা হয়। ঘটনায় জড়িত থাকার বিষয়ে একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, নিহতের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুর রহমান হাবিব বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় নিয়ে প্রাথমিক তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
এমএ
