ছবির ক্যাপশন: ......................
মোহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে টেকনাফ জাদিমুড়ার পশ্চিমে পাহাড়ে অপহরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন।
অপহৃতরা হলেন- আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্লাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামসু (৪৫), ইসলাম (২১), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০) ও রফিক (৩৩)। বাকি তিনজনের নাম এখনও পাওয়া যায়নি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বনবিভাগের অধীনে ১৯ জন কর্মী সকালে পাহাড়ে কাজ করতে যায়। এসময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাঁদের উদ্ধারের কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
টেকনাফ মডেল থানার (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের শিকার বনবিভাগের ১৯ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।
