বুয়েনস আইরেস,২৩ অক্টোবর-স্পেনের মর্যাদাপূর্ণ প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার নিতে দেশটির ওবিয়েদো শহরে পৌঁছেছেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে একনজর দেখতে শহরটিতে ভিড় করেছেন হাজারো ভক্ত। তাঁদের সঙ্গে সময় কাটিয়ে এবং অটোগ্রাফ দিয়ে ভক্তদের ভালোবাসার জবাব দিয়েছেন মেসি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ওবিয়েদোতে পৌঁছান ইন্টার মায়ামির এই তারকা। ক্রীড়া বিভাগে প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার গ্রহণ করতেই তাঁর এই সফর। শহরে পৌঁছানোর পরপরই তাঁকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
সকাল ৭টার দিকে ওবিয়েদোতে পৌঁছে হোটেল দে লা রেকনকিস্তায় ওঠেন মেসি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর কালো আনুষ্ঠানিক পোশাক পরে হোটেলের বাইরে আসেন তিনি। এ সময় ভক্তদের কাছে গিয়ে তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং আর্জেন্টিনা জাতীয় দল ও বার্সেলোনার জার্সিসহ বিভিন্ন স্মারকে অটোগ্রাফ দেন।
ভক্তরাও মেসিকে বিভিন্ন উপহার দেন। এসব উপহারের মধ্যে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী মিষ্টি এবং কর্নস্টার্চ দিয়ে তৈরি বিশেষ বিস্কুট আলফাখোরেস।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসির প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে কাছ থেকে দেখার জন্য শহরের মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। এমনকি তাঁকে দেখার সুযোগ পেতে এক তরুণ নিজের হাতে আঘাত করেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওবিয়েদোতে অবস্থানকালে মেসির কর্মসূচিতে রয়েছে স্পোর্টস প্যালেসে শিক্ষার্থী শিশু-কিশোরদের সঙ্গে মতবিনিময়। বৃহস্পতিবার সন্ধ্যায় স্পেনের রাজা ও রানির পাশাপাশি পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
শুক্রবারও ব্যস্ত সময় কাটবে আর্জেন্টিনার অধিনায়কের। এদিন পুরস্কারের অন্য বিজয়ীদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি। সেখানে আস্তুরিয়াসের রাজকুমারী লিওনর দে বোরবন ই ওর্তিথ তাঁকে একটি স্মারক পিন উপহার দেবেন।
এরপর বিকেলে ওবিয়েদোর কাম্পোয়ামোর থিয়েটারে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করবেন মেসি।
মেসির দীর্ঘ ও বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি অসহায় শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে তাঁর অঙ্গীকারের স্বীকৃতি হিসেবেও এই সম্মাননা দেওয়া হচ্ছে।
এই পুরস্কার নিয়ে নিজের আনন্দের কথা জানাতে গিয়ে মেসি তাঁর প্রয়াত বাবা হোর্হে মেসির স্মৃতিচারণ করেন। কয়েক মাস আগে মারা যাওয়া তাঁর বাবা এই পুরস্কার নিয়ে খুবই আনন্দিত ছিলেন বলে জানান তিনি।
মেসি বলেন, এই সম্মাননা তাঁর বাবাকে অনেক আনন্দিত করত। ব্যস্ত ফুটবল সূচির কারণে স্পেনে আসা কঠিন হতে পারে, এমনটা জানার পরও তাঁর বাবা বারবার তাঁকে অনুষ্ঠানে যোগ দিতে উৎসাহ দিয়েছিলেন।
মেসির ভাষায়, এই পুরস্কার শুধু মাঠের পারফরম্যান্স বা পেশাদার ক্যারিয়ারের স্বীকৃতি নয়, এটি তার চেয়েও বেশি কিছুর প্রতিনিধিত্ব করে। বাবার কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর বাবা বেঁচে থাকলে এই অর্জনে খুব খুশি হতেন।
স্পেনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ করেই নিউইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে মেসির। শনিবার মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে তাঁর ক্লাব ইন্টার মায়ামি।
এস এম/ ২৩ অক্টোবর ২০২৬
