অশুভ শক্তির বিনাশ ও দেবী শক্তির বন্দনার প্রত্যয়ে আজ শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত হবে। কুমারী পূজা, সন্ধি পূজা ও অষ্টমী পূজার মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হবে।
পঞ্জিকা অনুযায়ী, আজ ভোর ৫টা ৩০ মিনিটে অষ্টমী পূজা শুরু হবে। কুমারী পূজা শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। এবারও রাজধানীর রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত হবে।
তিথি স্থায়ী হওয়ায় এবার শনিবার ও গতকাল, দুই দিনব্যাপী মহাসপ্তমী পালিত হয়েছে।
কুমারী পূজায় দুর্গা প্রতিমার সামনে কুমারী দেবীর বেদি স্থাপন করা হয়। পূজার শুরুতে মন্ত্রপাঠ ও প্রার্থনা করা হয়। পরে পঞ্চ উপকরণে কুমারী দেবীকে আরাধনা করেন পুরোহিত ও ভক্তরা। দুর্গাপূজার অন্যতম আকর্ষণ এই পূজা। দেবীপুরাণে কুমারী পূজার উল্লেখ রয়েছে।
শাস্ত্র অনুসারে, ১ থেকে ১৬ বছর বয়সী অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। ব্রাহ্মণ অবিবাহিত কন্যা কিংবা অন্য গোত্রের অবিবাহিত কন্যাকেও পূজা করার বিধান রয়েছে।
কুমারী পূজা শেষে বিভিন্ন মণ্ডপে সন্ধি পূজা ও প্রসাদ বিতরণ করা হবে।
আগামীকাল মঙ্গলবার ভোর ৫টা ৩০ মিনিটে নবমী পূজা অনুষ্ঠিত হবে। বুধবার দশমী পূজা ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শেষ হবে। বিসর্জনের পর দেবী নৌকায় গমন করবেন।
এবার ঢাকায় ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সারা দেশে প্রায় ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
বিআলো/শিলি