ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পুলিশের একটি বিশেষ অভিযানে ৬ লাখ ১০ হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের রামপুর গ্রামে অভিযান চালিয়ে এসব জাল নোট উদ্ধার ও আসামিদের আটক করা হয়।
ফুলবাড়ীয়া থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মশিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৬১০টি জাল নোট জব্দ করা হয়, যার বাজারমূল্য ৬ লাখ ১০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত চারজনের মধ্যে স্থানীয় দুজন এবং অন্য দুজন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার শিবপুর গ্রামের গোলাম মোস্তফা (৪৬) ও আবু সাঈদ (২৫) এবং বরগুনার তালতলী উপজেলার কবিরাজপাড়া গ্রামের মোস্তফা ফকির (৪৮) ও মেনেপাড়া গ্রামের ইসমাইল বিশ্বাস (৪৯) রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, এই চক্রের মূল হোতা ও জাল নোটের উৎস সম্পর্কে বিস্তারিত জানতে এবং এর সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশি অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
