ফরিদপুরের সদরপুরে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে এক প্রবাসীর স্ত্রীর (২৮) মাথার চুল কেটে ও গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই নারী চিৎকার করলেও দুই যুবকসহ কয়েকজন তার ওপর নির্যাতন চালান। গতকাল রোববার রাতে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও দুটি ১ মিনিট ৩৬ সেকেন্ড ও ১ মিনিট ৩০ সেকেন্ডের। এ ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে পুলিশ।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল বিকেলে সদরপুর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য মো. জলিল মোল্যা।
ভিডিওতে দেখা যায়, ওই নারীকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। কালো টি-শার্ট পরা এক যুবক তার হাত ধরে রেখেছেন। চেক টি-শার্ট পরা আরেক যুবক কাঁচি দিয়ে তার চুল কাটছেন। এ সময় ওই নারী চিৎকার করলেও চুল কাটা বন্ধ করা হয়নি। ভিডিওর শেষ দিকে দুই যুবককে ওই নারীর মুখে থাপ্পড় মারতেও দেখা যায়। নির্যাতনে জড়িত দুই যুবকের নাম সুমন হোসেন ও জয় হোসেন। তারা ওই প্রবাসীর স্বজন।
অন্যদিকে ১ মিনিট ৩০ সেকেন্ডের আরেকটি ভিডিওতে দেখা যায়, রাতে ওই নারী ও এক যুবককে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এ সময় তাদের মারধরও করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারী গত শনিবার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। ওই দিন রাতে তার কক্ষ থেকে এক যুবককে বের হতে দেখে পরিবারের সদস্যরা তাকে আটক করেন। এরপর দুজনকে দিনভর আটকে রেখে বিকেলে ওই নারীর চুল কেটে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের একাধিক দল জড়িত ব্যক্তিদের আটকে অভিযান শুরু করেছে। কেউ অপরাধ করলে তার জন্য আইন রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই কাম্য নয়।
