Published on
:
1 min read
এই সময়, বারাসত: খেলাধুলোর পরে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো একই পরিবারের দুই কিশোরের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বারাসতের রামকৃষ্ণপল্লি এলাকায়। মৃতেরা হলো রুদ্র দাস (১৪) এবং দেবার্ঘ্য দাস (১২)। বাড়ি বারাসতের বিদ্যাসাগর পল্লিতে। মৃত দুই কিশোর সম্পর্কে তুতো ভাই।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে দুই ভাই মিলে বাড়ির বাইরে খেলতে বেরিয়েছিল। রামকৃষ্ণপল্লি এলাকার একটি পুকুরের পাশেই তারা খেলা করছিল। খেলা শেষ করে পুকুরে স্নান করতে নামে তারা। দু’জনেই সাঁতার জানত না। পুকুরে স্নান করতে নেমে পা পিছলে তলিয়ে যায় দু’জনেই। তাদেরকে তলিয়ে যেতে স্থানীয় এক বাসিন্দা চিৎকার করে লোকজনকে জড়ো করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলকর্মীরা। স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দেওয়া হয়। যদিও তারা আসতে দেরি করে বলে অভিযোগ। তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ খোঁজার পর জল থেকে দুই ভাইকে উদ্ধার করা হয়। বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
