Published on
:
1 min read
অম্বর গুরুং
প্যারাগ্লাইডিং, র্যাফটিং, হাইকিং থেকে সাইক্লিং— পাহাড়ের কোলে রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী থাকবেন পর্যটকরা। এক সপ্তাহব্যাপী সিকিম অ্যাডভেঞ্চার ট্যুরিজ়ম ফেস্টিভ্যাল ২০২৬-এর প্রস্তুতি শুরু। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন সিকিম রাজ্য সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দপ্তর এবং তথ্য ও জনসংযোগ দপ্তরের একটি দল।
পরিদর্শক দলটি পাকিম, সোরেং ও নামচি জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখে। প্যারাগ্লাইডিং, র্যাফটিং, হাইকিং এবং সাইক্লিংয়ের জন্য প্রস্তাবিত স্থান, রুট, যাতায়াতের প্রবেশপথ, অবতরণস্থল এবং প্রয়োজনীয় পরিকাঠামোর পরিস্থিতি খতিয়ে দেখা হয়।
আগামী ১ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নামচি জেলার নামথাংয়ের লিংখিম টারে সিকিম অ্যাডভেঞ্চার ট্যুরিজ়ম ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত হবে। পরিদর্শক দলটি প্রথম দিন পাকিম, থুমকি দারা, রোদাথাং-সহ বিভিন্ন এলাকায় প্রস্তাবিত প্যারাগ্লাইডিংয়ের উড়ান ও অবতরণস্থল পরিদর্শন করে। সরাসরি প্যারাগ্লাইডিংয়ের প্রদর্শনও করা হয়। সংশ্লিষ্ট স্থানগুলির উচ্চতা, ভৌগোলিক গঠন এবং বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে প্যারাগ্লাইডিংয়ের জন্য উপযুক্ত কি না সেটা যাচাই করা হয়।
দ্বিতীয় দিনে নামচি জেলার নামথাংয়ের লিংখিম টারে প্রস্তাবিত উৎসবস্থল পরিদর্শন করা হয়। সেখানে প্যারাগ্লাইডিং ও র্যাফটিং আয়োজনের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হয়। সোরেং জেলায় চাকুং থেকে জোরথাং পর্যন্ত প্রস্তাবিত প্যারাগ্লাইডিং রুটও পরিদর্শন করা হয়। উড়ানের পথ, অবতরণের ব্যবস্থা, প্রযুক্তিগত প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার দিকগুলি খতিয়ে দেখা হয়েছে।
পাশাপাশি, সাইক্লিংয়ের জন্য চেমচের ইনস্টিটিউট অফ হিমালয়ান সেন্টার ফর অ্যাডভেঞ্চার অ্যান্ড ইকো-ট্যুরিজ়মে (আইএইচসিএই) সাইকেল এবং প্রয়োজনীয় সরঞ্জামও পরীক্ষা করা হয়। উৎসবের জন্য মজুত রাখা সরঞ্জামগুলির অবস্থা এবং ব্যবহারের প্রস্তুতি মূল্যায়ন করা হয়।
