চলচ্চিত্র ও নাট্যশিল্পী সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। যশোর শহরে নিজের বাড়ির সামনে লাঠির আঘাতে আহত হয়েছেন ৬০ বছর বয়সী এই শিল্পী। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, বাড়ির সামনে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটি হয় সমু চৌধুরীর। একপর্যায়ে গ্যারেজের কর্মচারী জাহাঙ্গীর ও হৃদয় লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে আহত হন অভিনেতা।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর দুপুর ১টা ২০ মিনিটের দিকে বাড়িতে ফিরে যান সমু চৌধুরী।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মিঠুন কুমার দে জানান, সমু চৌধুরীর মাথায় কাটা জখম হয়েছে। ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। এ ঘটনায় বক্তব্য জানতে আহত সমু চৌধুরী ও অভিযুক্ত গ্যারেজকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, অভিনেতার ওপর হামলার ঘটনা সম্পর্কে তিনি কিছু জানেন না। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সমু চৌধুরী যশোর শহরের বেজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেম চৌধুরীর ছেলে।
