পিরোজপুরের কাউখালীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়ে সন্ধ্যা নদী থেকে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার সন্ধ্যা নদীর চিরাপাড়া মোহনা, লঞ্চঘাটসহ বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা জালের মধ্যে সাড়ে ৭ হাজার মিটার অবৈধ সুতার জাল এবং এক হাজার মিটার চায়না দুয়ারি জাল রয়েছে। এসব জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এবং নৌ পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা আক্তার বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা ও মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে প্রশাসনের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা কার্যকরে দিন-রাত তদারকি ও অভিযান চলবে।
