

বিলাইছড়িতে ৬ দুস্থ পরিবার পেল ঢেউটিন ও অর্থ সহায়তা
রাঙামাটির বিলাইছড়িতে ছয়টি দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এসব সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও অর্থ সহায়তার চেক প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার অভি দাশ পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেন।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজেশ প্রসাদ রায় এবং রাঙামাটির সাংসদ প্রতিনিধি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ উপস্থিত ছিলেন।
কুমিল্লার প্রবীণ আলেম আল্লামা নুরুল হক আর নেই
কুমিল্লা তথা সারা দেশের অন্যতম বিশিষ্ট আলেমে দ্বীন, আল্লামা শাইখুল হাদিস নুরুল হক সাহেব আর আমাদের মাঝে নেই। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম ও হাজারো আলেমের উস্তাদ। তাঁর ইন্তেকালে দ্বীনি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মহান আল্লাহ তাআলা মরহুমের সকল নেক আমল কবুল করুন, তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, স্বজন, ছাত্র-শিক্ষক ও অসংখ্য গুণগ্রাহীকে এই শোক সইবার তাওফিক দান করুন। আমিন। কুমিল্লা জেলা কাওমী মাদরাসা সংগঠনের সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর, কুমিল্লা জেলা সভাপতি এবং সুয়াগঞ্জ এলাকার বট্টগ্রাম হামিদিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম আল্লামা নুরুল হক ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা ০৬ আসনের এমপি মোঃ মনিরুল হক চৌধুরী। এবং সংগঠনের সাধারণ সম্পাদক সহ মাওনা মোঃ আব্দুল কুদ্দুস সাহেব শোকবার্তায় তারা বলেন, আল্লামা নুরুল হক সাহেব ছিলেন এ অঞ্চলের দ্বীনি শিক্ষার একজন পথিকৃৎ ও প্রাজ্ঞ আলেম। দ্বীনি শিক্ষার প্রসার এবং অসংখ্য আলেম গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে আলেম সমাজ ও দ্বীনি অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মহান আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ স্থান দিন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৯০ বছর। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১০ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পৈতৃক নিবাস কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার দাতামা (সাতবাড়িয়া) গ্রামে। আজ সকাল ১১টায় সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২ ঘটিকায় নিজ গ্রাম দাতামায় তাকে দাফন করা হবে। মরহুমের একমাত্র জামাতা মাওলানা নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরায় মাদক কারবারির ছুরিকাঘাতে এএসআই আহত, আটক ১
মাগুরার শালিখায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারির ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলে তাদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর এলাকায় আলেকের ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শালিখা থানা পুলিশের একটি দল হরিশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে অপু নামে এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করেন পুলিশ সদস্যরা। একপর্যায়ে এএসআই রাকিবুল ইসলাম তাকে জাপটে ধরলে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় অপু ছুরি দিয়ে রাকিবুল ইসলামকে আঘাত করেন। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে অপুকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আহত এএসআই রাকিবুল ইসলামকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের এক সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। এ ঘটনায় অপু নামে একজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য মাদক কারবারিদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনায় ৩ এপিবিএন এর সাইবার ক্রাইম টিমের হাতে ৩ প্রতারককে গ্রেফতার
খুলনার ৩ এপিবিএন এর সাইবার ক্রাইম টিম ৩ প্রতারককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে বটিয়াঘাটা উপজেলার লোনাপাড়া গ্রামের ছাবির হোসেন, স্বাধীন কুমার ঘটক ও শাকিব শেখ। মঙ্গলবার তাদের বটিয়াঘাটা এলাকা থেকে গ্রেফতার করা হয়। অনলাইনের মাধ্যমে তারা বিভিন্ন লোককে চাকরীর প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করে আসছিল। কনৈক প্রবাসী রবিন শেখের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী নারায়নগঞ্জ জেলার বন্দর থানায় গত ১২ অক্টোবর একটি মামলা করে। ৩, এপিবিএন এর অধিনায়ক এম এম সালাউদ্দীন এর নেতৃত্বে ১১ জনের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ভালুকায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে র্যালি, দুর্যোগকালীন উদ্ধার মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। পরে দুর্যোগকালীন প্রস্তুতি, উদ্ধার তৎপরতা ও ফায়ার সার্ভিসের কার্যক্রম তুলে ধরে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা অংশ নেন। এসময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম,উপজেলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, ভালুকা প্রেসক্লাব সভাপতি মোঃ মাইন উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সদস্য, ফায়ার সার্ভিসের কর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খুলনার সাবেক কাউন্সিলর টিপুর ভাইয়ের বাড়ি থেকে গুলি উদ্ধার, আটক ১
সাবেক কাউন্সিলর টিপুর ভাই গোলাম রসুলের বাড়ি থেকে ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে দৌলতপুর থানার উত্তর দেয়ানা থেকে গুলিগুলো উদ্ধার করে পুলিশ। রাতে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, গোলাম রসুল খালিশপুর বঙ্গবাসী বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তার কাছে অবৈধ অস্ত্র ও গুলি রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তারা রাতে বাড়িতে অভিযান চালায়। তারা আলমারি খুলতে বললে তিনি প্রথমে তা খুলতে রাজি হয়নি। পরে সেটা খোলেন গোলাম রসুল। এ সময় পুলিশ ১৪১ রাউন্ড পয়েন্ট টু টু বোরের গুলি এবং ১৩ রাউন্ড শর্টগানের সিসা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় রাতে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া বলেন, লাইসেন্স বহির্ভূত ১৫৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া ১২ ইঞ্জি. লম্বা একটি ধারালো ছুরিও তার বাড়ি থেকে উদ্ধার করা হয়।


