যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চলের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে গুলিতে তিন শিশু ও এক শিক্ষক নিহত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, ওরেগনের স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেন্ড শহরের সিলভার রেইল এলিমেনটারি স্কুলে এ গুলির ঘটনা ঘটে।
পুলিশ বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। সশস্ত্র এক ব্যক্তি তাকে পরে হত্যা করেন। হামলাকারী বেন্ড শহরের বাসিন্দা।
বেন্ড পুলিশ প্রধান মাইক ক্র্যান্টজ জানান, নিহতদের মধ্যে ৫, ৮ ও ১১ বছর বয়সী তিন শিশু এবং একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আরও এক শিশু ও শিক্ষক গুরুতর আহত হয়েছেন। আহত শিশুর বয়স ৭ বছর এবং আহত শিক্ষকের বয়স ৫৪ বছর। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
বেন্ডের পুলিশ প্রধান মাইক ক্রানজ বলেন, ‘এক ব্যক্তি প্রথমে হামলার খবর জানান। বড় বন্দুক হাতে একজন একাধিকবার গুলি করেছে বলে তিনি জানান। পরে জানা যায়, বন্দুকধারী স্কুলে ঢুকেছে। পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। ভেতরে ঢোকার পর জানা যায় সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন।’
প্রতিবেদনে বলা হয়েছে, সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এই গোলাগুলির ঘটনা শুরু হয় দুপুর ১টার দিকে। তখন পুলিশ একটি ফোন কল পায়, যেখানে একজন ব্যক্তি জানান যে তার গাড়ির ওপর গুলি চালানো হয়েছে।
এর পরপরই পুলিশ জরুরি সেবা নম্বরে আরও কিছু কল পেতে থাকে। সেখানে জানানো হয় যে, সন্দেহভাজন এক ব্যক্তি-যাকে পুলিশ ১৬ বছর বয়সি কিশোর বলে শনাক্ত করেছে সে স্কুলের ভেতরে প্রবেশ করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছে থাকা এক ব্যক্তি গোলাগুলি শুরু হতে দেখে আক্রমণকারীর পিছু নিয়ে স্কুলের ভেতরে যান এবং তাকে গুলি করে হত্যা করেন। এর তিন মিনিট পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা আক্রমণকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং পুরো স্কুল তল্লাশি করেন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেন্ড শহরের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই কঠিন পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য স্থানীয় সম্প্রদায়ের কিছুটা সময়ের প্রয়োজন।
