রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে ৫৯৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪১টি মামলা করা হয়েছে।
আজ রোববার (২৫ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত পর্যন্ত রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
বিভাগভিত্তিক গ্রেফতারের তথ্যে জানা যায়—মিরপুর বিভাগে সবচেয়ে বেশি ১৭৮ জন এবং তেজগাঁও বিভাগে ১০০ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৫৪ জন, উত্তরা বিভাগে ৪৩ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার হয়েছেন।
অভিযান পরিচালনাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ১টি গুলির খোসা, ৩টি চাকু ও ৮টি রড উদ্ধার করা হয়। একই সঙ্গে ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ৯ হাজার ৫৮ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ।
এ ছাড়া তল্লাশিতে ১টি প্রাইভেটকার, ১টি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ৩২০টি ২০০ টাকার জাল নোট, ১টি সিপিইউ, ১টি স্ক্যানার, ১টি মাউস, ১টি কিবোর্ড ও নগদ ১০ হাজার ১০০ টাকা জব্দসহ এক অপহৃত (ভিকটিম) ব্যক্তিকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।
