রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর হাতিরঝিল থানায় নিজেই বাদী হয়ে মামলাটি করেন তিনি। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বিষয়টি নিয়ে কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার সময় তিনি গাড়িতে ছিলেন না; নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে অবস্থান করছিলেন। গাড়িতে অন্য কেউ না থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়িটির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গাড়িটি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে একই অটোরিকশায় মালিবাগের দিকে পালিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করে পুলিশ।
ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি গুলির ঘটনার পেছনের উদ্দেশ্য জানারও চেষ্টা করছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
The post মামলা করলেন আসিফ আকবর appeared first on ভোরের চেতনা.
