প্রকাশিত: ২২:৫৩, ১৫ অক্টোবর ২০২৬
হামলার পর প্রেসিডেন্ট প্রাসাদ এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে
ইয়েমেনের হুথিরা এডেনে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তর হিসেবেও ব্যবহৃত হয় এই প্রাসাদটি। নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছেন।
দক্ষিণ ইয়েমেনের এই শহরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথা জানানোর পর, স্থানীয় পুলিশের তিনটি সূত্র বলেছে, “হুথিদের ক্ষেপণাস্ত্রগুলো এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্ট প্রাসাদকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।”
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সকল সদস্য নিরাপদ আছেন বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার জানিয়েছে।
ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, হুথিরা এডেনে অবস্থিত আল-মাশিক প্রেসিডেন্সিয়াল প্যালেসকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
