বিশ্বব্যাংক গ্রুপের স্বল্প আয়ের দেশগুলোর উন্নয়ন সহায়তা তহবিল ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) দাতা হয়েছে মঙ্গোলিয়া। দেশটির সংসদ আইডিএ তহবিলে ৪৮০ কোটি মঙ্গোলীয় তুগরিক (এমএনটি), যা প্রায় ১৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেওয়ার অনুমোদন দিয়েছে। উন্নয়ন সহযোগী হিসেবে মঙ্গোলিয়ার এই যাত্রাকে দেশটির উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৭ অক্টোবর) ব্যাংককে বিশ্বব্যাংক গ্রুপের পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
১৯৯১ সালে বিশ্বব্যাংক গ্রুপের সদস্য হওয়ার পর থেকে মঙ্গোলিয়া ১৬২ কোটি ডলারের বেশি উন্নয়ন অর্থায়ন পেয়েছে। পরিবহন, গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দেওয়া হয়েছে এসব সহায়তা। ২০২০ সালের জুলাইয়ে আইডিএ থেকে উত্তরণ ঘটে মঙ্গোলিয়ার। এরপর থেকে দেশটি বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংকের (আইবিআরডি) আওতাভুক্ত গ্রাহক হিসেবে রয়েছে।
গত তিন দশকে মঙ্গোলিয়া দারিদ্র্য উল্লেখযোগ্যভাবে কমিয়েছে এবং মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) তিন গুণে উন্নীত করেছে। ২০২৪ সালে দেশটি উচ্চমধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করে। এবার আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচিতে (আইডিএ২১) অর্থ দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতায় নতুন ভূমিকা নিতে যাচ্ছে দেশটি।
বিজ্ঞাপন
মঙ্গোলিয়ার অর্থমন্ত্রী মেন্দসাইখান জাগদজাভ বলেন, আইডিএ২১-এ মঙ্গোলিয়ার অবদান বিশ্বব্যাংকের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সংহতির প্রতি দেশটির অঙ্গীকারের প্রতিফলন।
তিনি বলেন, আইডিএর সহায়তা থেকে সরাসরি উপকৃত হওয়ায় মঙ্গোলিয়া বুঝতে পেরেছে, দারিদ্র্য হ্রাস, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি এবং মানুষের জন্য নতুন সুযোগ তৈরিতে সহজ শর্তের অর্থায়ন কতটা গুরুত্বপূর্ণ। নিজেদের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নের পাশাপাশি অন্য দেশগুলোকে তাদের উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করতে পেরে মঙ্গোলিয়া গর্বিত।
বিশ্বব্যাংকের অংশীদারত্ব, উদ্ভাবন ও সম্পদ সংগ্রহবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লিসা ফিনেরান বলেন, মঙ্গোলিয়ার উন্নয়ন অগ্রগতি দেখিয়েছে, ধারাবাহিক উন্নয়নের মাধ্যমে কী অর্জন সম্ভব। আইডিএর দাতা গোষ্ঠীতে মঙ্গোলিয়াকে স্বাগত জানিয়ে তিনি বলেন, অন্য দেশগুলোর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে দেশটির এই অঙ্গীকারের জন্য বিশ্বব্যাংক কৃতজ্ঞ।
বিজ্ঞাপন
আইডিএ হলো বিশ্বব্যাংক গ্রুপের এমন একটি তহবিল, যা ৭৮টি স্বল্প আয়ের দেশকে অনুদান ও সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। দারিদ্র্য কমানো, অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং মানুষের জীবনযাত্রার উন্নয়ন এ তহবিলের প্রধান লক্ষ্য।
প্রতি তিন বছর পর আইডিএর অর্থায়ন পুনর্গঠন ও নতুন অবদানের মাধ্যমে তহবিলের সংস্থান করা হয়। আইডিএর ২১তম পুনঃঅর্থায়ন কর্মসূচি (আইডিএ২১) ২০২৪ সালের ডিসেম্বরে চূড়ান্ত হয়। বর্তমানে ৭৮টি দেশে উন্নয়ন কার্যক্রমে অর্থায়ন করছে সংস্থাটি।
ইএইচটি/কেএসআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
