‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব—সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ স্লোগানে গোপালগঞ্জে ৫৭তম বিশ্ব মান দিবস উদ্যাপন করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), গোপালগঞ্জ কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান।
বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের প্রধান ও উপপরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং পরিদর্শক (মেট্রোলজি) তাসনীম দোহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারী পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষসহ অনেকে বক্তব্য দেন।
বক্তারা বলেন, পণ্য ও সেবার মান নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থা, শিল্প উদ্যোক্তা এবং সাধারণ ভোক্তাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলায় পণ্য, সেবা ও প্রযুক্তির ক্ষেত্রে সামঞ্জস্য ও নির্ভরযোগ্যতা বজায় রাখতে আন্তর্জাতিক মান প্রণয়নে উৎসাহিত করতে বিএসটিআই কাজ করছে। নিম্নমানের ও ভেজাল পণ্যের ব্যবসা রোধ করে মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে দেওয়া এ দিবসের অন্যতম লক্ষ্য।
বক্তারা আরও বলেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বিএসটিআইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভায় গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার শিল্প উদ্যোক্তা, বেকারি মালিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
