সংযুক্ত আরব আমিরাতে ব্যর্থতার গল্প লিখে দেশে ফেরার অপেক্ষায় বাংলাদেশ জাতীয় দল। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা থেমে নেই। ঠাসা সূচিতে এবার বাংলাদেশের সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে ক্যারিবীয়রা।
মূল সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছে সফরকারীরা। তাদের প্রতিপক্ষ বিসিবি একাদশ।
গত ১৮ অক্টোবর বাংলাদেশে পা রাখে ড্যারেন সামির দল। এরপর এক দিনের বিরতি দিয়ে মিরপুরের আউটার মাঠে ব্যাটে-বলে অনুশীলন করে উইন্ডিজরা। আবারও এক দিনের বিরতি শেষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামে ক্যারিবীয়রা।
শুরুতে তিন দিনের প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথা থাকলেও ওয়েস্ট ইন্ডিজের বিশেষ অনুরোধে তা কমিয়ে দুই দিনে নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী অনিক। দুই দলের অধিনায়ক মাঠে নামলেও টসের আনুষ্ঠানিকতা হয়নি। আলোচনার মাধ্যমে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ২৮ অক্টোবর মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
প্রস্তুতি ম্যাচে দুই দলের ক্রিকেটারদের জন্যই এটি নিজেদের প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ। বিশেষ করে টেস্ট সিরিজ শুরুর আগে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
বিসিবি একাদশ: জিসান আলম, মাহফিজুল ইসলাম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলী অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), এসএম মেহেরব হাসান, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্মন, সান, ফাহাদ হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ দল: রস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, তেজনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা (উইকেটকিপার), জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটকিপার), শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, কেমার রোচ, জেইডেন সিলস, শামার স্প্রিঙ্গার ও কেভিন উইকহ্যাম।
