গাজীপুরের কালীগঞ্জে রাতে টহল দেয়ার সময় কাভার্ডভ্যান চাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও স্থানীয় একজন মারা গেছেন। এ ঘটনায় আহত আরও দুই পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (২৩ অক্টোবর) ভোরে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভ্যানচাপায় প্রাণ হারিয়েছেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে রফিক মোল্লা (৪৫)। আহতরা হলেন উপপরিদর্শক জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮)। আহত জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য নিয়মিত টহল দিচ্ছিলেন। টহলের একপর্যায়ে ভোরের দিকে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে সড়কের পাশে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন মিজানুর রহমান, জাবেদ ওমর ও রাব্বি। এ সময় ঘোড়াশালমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিয়ে চলে যায়।
পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত মিজানুর রহমান ও জাবেদ ওমরকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৭টায় মিজানুর রহমান মারা যান।
হতাহতের তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, রাতে তাদের নিয়মিত টহল ডিউটি চলছিল। টহল চলাকালে তাদের একটি কাভার্ডভ্যান চাপা দেয়। চাপা দেয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
