খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গরু ব্যবসায়ীদের মারধর করে ২০ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল, ৬টি মোবাইল ফোন, ২টি চাকু এবং নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেলছড়ি আমবাগান এলাকার ফরিদ মিয়ার ছেলে মো: আলী হোসেন (২৪), একই এলাকার মৃত নুরুল আলমের ছেলে ইউসুফ মিয়া প্রকাশ নয়ন (২৬), খোদাছড়া খালেক লিডার পাড়ার মো: আব্দুল হালিমের ছেলে মো: আবু মুছা (২৭) এবং মাটিরাঙ্গা পৌরসভার পলাশপুর এলাকার মো: হোসেন ইসলামের ছেলে নোমান ইসলাম রাব্বি (১৯)।
পুলিশ সূত্র জানায়, চট্টগ্রামের ভূজপুর বাগানবাজার এলাকার গরু ব্যবসায়ী আবু আহম্মদ মঞ্জু ও তাঁর ছেলে মো: কামরুল হাসান হৃদয় (২২) দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত। গত ১২ অক্টোবর সকালে তারা মোটরসাইকেলে রামগড় সীমান্ত সড়ক হয়ে মাটিরাঙ্গার তাইন্দং বাজারে গরু কিনতে যাচ্ছিলেন। পথে সদর ইউনিয়নের চালিতাছড়া এলাকার ‘শয়তানের টিলা’ নামক স্থানে পৌঁছালে একদল ডাকাত তাঁদের গতিরোধ করে। ডাকাতেরা এলোপাথাড়ি মারধর করে তাদের গুরুতর আহত করে এবং ২০ লাখ ২০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় অজ্ঞাতনামা ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর তদন্তে নেমে পুলিশ মাত্র ৭ দিনের মাথায় ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাটিরাঙ্গা থানার ওসি সাহেদ উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
