আজকাল ওয়েবডেস্ক: লন্ডনের ঐতিহাসিক দ্য মল-এ মঙ্গলবার ক্রিকেটের ছোঁয়া। বাকিংহ্যাম প্যালেসের সামনে রাজকীয় কুচকাওয়াজের জন্য পরিচিত এই রাস্তা এদিন পরিণত হল ক্রিকেটের অস্থায়ী ময়দানে। ব্যাট হাতে সেখানে দেখা যায় প্রিন্স উইলিয়ামকে। পরিবেশ সচেতনতা এবং তাঁর প্রতিষ্ঠিত 'আর্থশট প্রাইজ'-এর প্রচারে ক্রিকেটের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করতেই এই আয়োজন। উইলিয়ামের সঙ্গে এই বিশেষ ক্রিকেট আয়োজনে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, ব্রায়ান লারা, জো রুট সহ একাধিক বর্তমান এবং প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।
বাকিংহ্যাম প্যালেসকে পিছনে রেখে শার্ট এবং সোয়েটার পরে ব্যাট হাতে নেন প্রিন্স উইলিয়াম। তাঁকে কয়েকটি বল করেন সৌরভ। সাবলীল ভঙ্গিতে ব্যাট চালাতেও দেখা যায় ব্রিটিশ রাজপরিবারের সদস্যকে। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। উইলিয়ামের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সৌরভ এবং রুট। সৌরভ বলেন, 'ও ভালই ব্যাট করেছে। এই মুহূর্তে আমার থেকেও ভাল। আমি প্রায় আট, নয় বছর পর প্রথমবার ক্রিকেট ব্যাট হাতে নিলাম। ও সবার সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। খুব সাধারণ এবং মাটির কাছাকাছি মানুষ।'উইলিয়ামের ভারত সফর নিয়েও আশাবাদী সৌরভ। তিনি বলেন, 'ভারত ওকে খুব আন্তরিকভাবে স্বাগত জানাবে। ও অত্যন্ত ভাল মনের মানুষ। সবার সঙ্গে হাসিমুখে কথা বলেছে, হাত মিলিয়েছে।'
সৌরভ ব্যাটিংয়ের প্রশংসা করলেও, উইলিয়ামের বোলিং নিয়ে তেমন সন্তুষ্ট নন ব্রায়ান লারা। ক্যারিবিয়ান কিংবদন্তির মতে, ব্যাটিংয়ে উইলিয়ামকে প্রথম একাদশে রাখা গেলেও, বোলিংয়ে এখনও অনেক উন্নতি প্রয়োজন। লারা বলেন, 'ও নিজেকে একটু কম মূল্যায়ন করে। ও বড় ফুটবলপ্রেমী। জানিয়েছে যে ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানে না। তবে ওর বোলিংয়ে অনেক কাজ করতে হবে। ব্যাটিংয়ের ক্ষেত্রে অবশ্য আমি ওকে ছয় বা সাত নম্বরে খেলাব। নিঃসন্দেহে প্রথম একাদশে থাকবে।' ভারত এবং ব্রিটেনের ক্রিকেটীয় সম্পর্ক আরও মজবুত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। আগামী মাসে ভারতে অনুষ্ঠিত হবে 'আর্থশট প্রাইজ'-এর বার্ষিক সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই পুরস্কারের প্রতিষ্ঠাতা প্রিন্স উইলিয়াম।
