সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার শরীয়তপুর গ্রামের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার সকালে তাবাসছুম নামের দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছেন এলাকাবাসী। সে ওই গ্রামের কৃষি শ্রমিক লিটন মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের শরীয়তপুর গ্রামের দেড়বছর বয়সী শিশু তাবাসছুম গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে নিজেদের বাড়ির উঠানে খেলাধুলা করছিল।
খেলতে খেলতে এক পর্যায়ে সে বসতঘরের পেছনে থাকা বৌলাই নদীর পানিতে ডুবে তলিয়ে যায়৷ পরে খোঁজাখুঁজি করে সকাল নয়টার দিকে ভাসমান অবস্থায় নদী থেকে ওই শিশুটির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।
ধর্মপাশা থানার এসআই মজিবুর রহমান এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন,এই শিশুটির মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ নেই।
