দেশের বাজারে বিক্রি হওয়া সয়াবিন তেলে মাত্রাতিরিক্ত সিসাসহ (লেড) বিভিন্ন বিষাক্ত ভারী ধাতুর উপস্থিতির খবরকে অপপ্রচার বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, এ ধরনের খবর প্রকাশের পর ১৯৩টি সয়াবিন তেলের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় কোনো ক্ষতিকর ধাতু বা লেড পাওয়া যায়নি।
বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বাজারে থাকা সয়াবিন তেল সম্পূর্ণ বিশুদ্ধ। এতে কোনো ভেজাল ধাতু বা লেড নেই। এ ধরনের খবরকে তিনি সম্পূর্ণ অপপ্রচার বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ‘অনেক ধরনের নেতিবাচক খবরের মধ্যে অন্তত একটি ভালো খবর দিচ্ছি—এখন রান্নায় সয়াবিন তেল ব্যবহারের সময় মানুষ জানবেন, এতে অন্তত ক্ষতিকর কিছু নেই।’
বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিসি-বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।
এমএম/
