বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়া লাইভ ব্যাগেজ মনিটরিং সেবায় সন্তুষ্টি প্রকাশ করেছেন যাত্রীরা। এ ব্যবস্থার মাধ্যমে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এ সময় তিনি ব্যাগেজ বেল্ট এলাকায় অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং লাগেজ পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে খোঁজ নেন।
এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান পরিকল্পনা ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে বাস্তবায়ন করা হচ্ছে। প্রায় দুই মাস আগে যাত্রীদের জন্য লাইভ ব্যাগেজ মনিটরিং ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছিল, যা এখন বাস্তবায়ন করা হয়েছে।
মন্ত্রী বলেন, যাত্রীরা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে লাগেজ পাওয়ার কথা জানিয়েছেন। তবে ভবিষ্যতেও এ সেবার মান বজায় রাখার প্রত্যাশা তাঁদের। যাত্রীসেবার মানোন্নয়ন এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকার গুরুত্ব দিচ্ছে।
রিয়াদগামী ফ্লাইট স্থগিতের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রিয়াদে ফ্লাইট চলাচল আপাতত বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদন দিলে এ রুটে আবার ফ্লাইট চালু করা হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প হিসেবে দাম্মাম অথবা মদিনা রুটে কিছু যাত্রী পরিবহনের ব্যবস্থা করতে কাজ চলছে।
তিনি আরও বলেন, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিমানবন্দরে ভোগান্তি কমাতে সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসিসহ মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
