
সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষুদ্র, কুটির, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের নারী উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির সৈয়দপুর এসএমই ও কৃষি শাখা।
লিড ব্যাংক হিসেবে আয়োজিত এ প্রশিক্ষণে সৈয়দপুর ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও শাখাপ্রধানরা অংশ নেন।
সোমবার (১৯ অক্টোবর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের এসএমই এসপিডির জয়েন্ট ডিরেক্টর সামিয়া শারমিন। কর্মসূচির উদ্বোধন করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিলেট অঞ্চলের রিজিওনাল ম্যানেজার বদরুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জগন্নাথপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক দেবল চন্দ্র তালুকদার, উত্তরা ব্যাংকের জগন্নাথপুর শাখার এজিএম ও শাখা ব্যবস্থাপক গুল মোহাম্মদ মাহফুজুল্লাহ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের জগন্নাথপুর শাখার এফএভিপি ও শাখাপ্রধান মো. জহির উদ্দিন (বাবর)।
বাংলাদেশ কৃষি ব্যাংকের জগন্নাথপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুসা হুসাইনের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্য সিটি ব্যাংকের জগন্নাথপুর শাখার এসএভিপি ও শাখা ব্যবস্থাপক নবারূপা ধর চৌধুরী।
কর্মসূচির সার্বিক পরিচালনায় ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৈয়দপুর এসএমই ও কৃষি শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফিতরাতুস সায়েম চৌধুরী এবং সুনামগঞ্জ উপশাখার ইনচার্জ সুজিত কুমার দে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং সিএমএসএমই খাতের টেকসই উন্নয়নে ব্যাংকিং খাতের ভূমিকার ওপর গুরুত্ব দেন। স্থানীয় নারী উদ্যোক্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।
অর্থসূচক/
The post জগন্নাথপুরে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিল এমটিবি appeared first on অর্থসূচক.
