২৭৮ কোটি টাকার সিএমআরএল (কোচিন মিনারেলস অ্যান্ড রুটাইল লিমিটেড)-এক্সালজিক দুর্নীতি মামলায় অভিযুক্ত কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন, তাঁর কন্যা বীণা এবং বীণার স্বামী মহম্মদ রিয়াজ। ওই মামলায় সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেন বিজয়ন পরিবার। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার অবকাশকালীন বেঞ্চ দুর্নীতি মামলার তদন্তে সাত দিনের জন্য স্থগিতাদেশ জারি করল।
কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) একটি রিপোর্টের ভিত্তিতে গত মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয়ন এবং তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থপাচার মামলায় পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছিল বর্তমান সরকার। ইডির পেশ করা নথিতে দেখা গিয়েছে, সরকারি খনি সংস্থা সিএমআরএল আইটি পরামর্শ সংক্রান্ত পরিষেবার নামে বিজয়নের কন্যা বীণার বন্ধ হয়ে যাওয়া কোম্পানি ‘এক্সালজিক সলিউশনস’-কে ২ কোটি ৭৮ লক্ষ টাকা দিয়েছিল। যাতে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। সব মিলিয়ে দুর্নীতির পরিমাণ ২৭৮ কোটি টাকা। যদিও বিষয়টি রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের বিরুদ্ধে ‘রাজনৈতিক ষড়যন্ত্রে’র অভিযোগ তোলে সিপিএম।
এর মধ্যেই গত ৯ অক্টোবর কেরল হাই কোর্ট সিএমআরএল-এক্সালজিক বেআইনি আর্থিক লেনদেনের মামলায় বিজয়ন ও তাঁর পরিবারের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল। বিজয়ন হাই কোর্টের ডিভিশন বেঞ্চে গেলেও তাঁর বিপক্ষে যায় রায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনজীবী।
বিচারপতি বাগচী এবং বিচারপতি মোহনার অবসরকালীন বেঞ্চে উঠেছিল সেই মামলা, যাতে সাময়িক স্বস্তি পেলেন বিজয়ন, তাঁর মেয়ে ও জামাই। বুধবার শীর্ষ আদালত আবেদনকারীদের কেরল হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে ওই এফআইআর দায়েরের নির্দেশের বিরুদ্ধে নতুন করে আবেদন করার অধিকার দিয়েছে। এছাড়াও সাত দিন তদন্ত বন্ধের অন্তর্বর্তী নির্দেশের ফলে ওই সময়সীমার মধ্যে বিজয়ন বা তাঁর মেয়ে-জামাইকে গ্রেপ্তার করতে পারবে না তদন্তকারী সংস্থা।
