কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সড়কপথে পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রবেশ করে।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় বুধবার ভোর ৪টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি সড়কপথে রূপপুরের উদ্দেশে রওনা হয়।

সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। পুরো সড়কপথজুড়ে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেন পুলিশ, এসআরবি, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের জ্বালানিবাহী বিমান। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালানটি বুঝে নেন।
এমএ
