প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার ২০২৬ (ক্রীড়া) জেতায় লিওনেল মেসিকে অভিনন্দন জানিয়েছে তাঁর সাবেক ক্লাব বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে মেসির অবদানের প্রশংসা করেছে ক্লাবটি।
শুক্রবার (২৩ অক্টোবর) স্পেনের ওভিয়েদোর কাম্পোয়াম থিয়েটারে স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনরের হাত থেকে পুরস্কারের স্মারক গ্রহণ করেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন তারকা। ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি প্রকাশ করে এফসি বার্সেলোনা। ক্লাবের অফিসিয়াল বার্তায় বলা হয়, ‘২০২৬ সালের ক্রীড়া প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কার জেতায় অভিনন্দন লিও মেসি। তোমার অসাধারণ প্রতিভার জন্য এই স্বীকৃতি পুরোপুরি প্রাপ্য। মাঠে ও মাঠের বাইরে তোমার অবদান স্থায়ী ছাপ রেখে গেছে। অসাধারণত্ব, খেলাধুলার প্রতি অঙ্গীকার ও মানবিক সংহতির মাধ্যমে তুমি বিশ্ব ফুটবলে এক অনন্য মানদণ্ড স্থাপন করেছ।’
মেসির সঙ্গে দুই দশকের বেশি সময়ের সম্পর্কের কথাও স্মরণ করে বার্সেলোনা। বিবৃতিতে ক্লাবটি বলে, ‘তোমার অত্যন্ত সফল ক্যারিয়ারে এফসি বার্সেলোনা ছিল তোমার জীবন ও গল্পের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই অবিচ্ছেদ্য বন্ধন ক্লাবের উত্তরাধিকারের অংশ হয়ে থাকবে এবং তোমার এই সম্পৃক্ততা সব সময় আমাদের গর্বের উৎস।’
এর আগে গত জুলাইয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর মেসিকে দেওয়া এই সম্মাননা প্রত্যাহারের দাবিতে কিছু আবেদন ও পিটিশন জমা পড়েছিল। তবে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন মেসির নামই চূড়ান্ত রাখে।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনার ‘লা মাসিয়া’ একাডেমিতে যোগ দেন মেসি। ক্লাবটির হয়ে ৭৭৮টি ম্যাচ খেলে রেকর্ড ৬৭২টি গোল করেছেন তিনি। জিতেছেন ১০টি লা লিগা ও ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা। ২০২১ সালে ক্লাবের আর্থিক সংকটের কারণে বাধ্য হয়ে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান তিনি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।
বিআলো/শিলি