কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজসহ দুই রোহিঙ্গা ভাইকে গ্রেপ্তার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বিজ্ঞাপন
সোমবার ভোরে উখিয়ার ২ নম্বর (ওয়েস্ট) রোহিঙ্গা ক্যাম্পের সি-০৫ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ওই ক্যাম্পের বাসিন্দা সৈয়দ হোসেনের ছেলে মো. ফয়সাল (২১) ও তার বড় ভাই রবিউল আলম (২৩)।
এপিবিএন সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুই ভাইয়ের নিজস্ব বসতঘরে (শেল্টার) তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাঁদের আটক করে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ এপিবিএন হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে ১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ক্যাম্পে যেকোনো ধরনের অপরাধ দমনে এপিবিএন সদস্যরা সর্বোচ্চ তৎপর রয়েছেন। অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
