আজকাল ওয়েবডেস্ক: অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান তুলল ভারত। শুরুতে দ্রুত রান তুলে বড় স্কোরের ভিত গড়লেও মাঝের ওভারে একের পর এক উইকেট হারিয়ে একসময়ে চাপে পড়েছিল ভারতীয় দল। কিন্তু শেষমেশ যে রান সংগ্রহ করল সেটাও অনেক।
অভিষেকের ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস এবং ঈশান কিষাণের ১৮ বলে ৩৭ রান ভারতকে বড় স্কোরের পথে এগিয়ে দেয়। তবে রোস্টন চেজের স্পিন এবং ওয়েস্ট ইন্ডিজের দুরন্ত ফিল্ডিংয়ের সামনে পরের দিকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ভারত।
ম্যাচের শুরুটা অবশ্য ভারতের পক্ষে খুব একটা ভালো হয়নি। অভিজ্ঞ স্পিনার রোস্টন চেজ প্রথম ওভারে মাত্র চার রান দেন। এরপর শামার জোসেফের ঘণ্টায় ১৫০.৮ কিলোমিটার গতির বলে মিড-উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন সঞ্জু স্যামসন। তাঁর সংগ্রহ মাত্র তিন রান। তবে সেই ধাক্কা সামলে দ্রুত পাল্টা আক্রমণে যায় ভারত। অভিষেক শর্মা শুরুতে কিছুটা সময় নিয়ে ব্যাট করলেও পরে রীতিমতো ঝড় তোলেন। রোস্টন চেজের এক ওভারে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রান তোলেন তিনি। অন্যদিকে, কিমো পলের ওভারে একাধিক বাউন্ডারি মেরে হাত খোলেন ঈশান কিষাণ। শামার স্প্রিঙ্গারের এক ওভার থেকে আসে ২১ রান। পাওয়ারপ্লের শেষ ওভারে শামার জোসেফকে আক্রমণ করে মাত্র ১৮ বলে পঞ্চাশ পূর্ণ করেন অভিষেক। শেষ পর্যন্ত ৩০ বলে ৬৯ রান করে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কা। এই ইনিংসের মধ্যেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন অভিষেক। মাত্র ১,০২৪ বলে এই কৃতিত্ব অর্জন করে বলের হিসাবে দ্রুততম ২,০০০ টি-টোয়েন্টি আন্তর্জাতিক রান সংগ্রহের রেকর্ড গড়েন তিনি।
অভিষেকের সঙ্গে তাল মিলিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করেন ঈশান কিষাণও। মাত্র ১৮ বলে ৩৭ রান করে তিনি রোস্টন চেজের বলে স্টাম্পড হন। একই ওভারে শ্রেয়স আইয়ারকে এলবিডব্লিউ করে ভারতকে জোড়া ধাক্কা দেন চেজ। এরপর শামার স্প্রিঙ্গারের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন অভিষেক। পাঁচ বলে ১০ রান করে নমন ধীর আউট হন। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় দল। পরে তিলক বর্মা ও অক্ষর প্যাটেলের রান আউট পরিস্থিতি আরও জটিল করে তোলে। ফিল্ডারের ভুলের সুযোগ নিয়ে রান নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। অক্ষর ক্রিজে পৌঁছতে পারলেও তিলক রান আউট হন। পরে ঝুঁকিপূর্ণ সিঙ্গল নিতে গিয়ে রান আউট হন অক্ষরও। শামার স্প্রিঙ্গারকে ছক্কা হাঁকানোর পরের বলেই উইকেট হারান অর্শদীপ সিং। মাঝের ওভারে দ্রুত উইকেট পড়লেও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রান সংগ্রহ করে ভারত।
