শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭৯টি পূজামণ্ডপে অর্থসহায়তা দিয়েছেন কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খান।
শনিবার রাতে তাঁর উদ্যোগে নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে এ সহায়তা পৌঁছে দেওয়া হয়। এ সময় মঠবাড়িয়া যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ উদ্যাপন কমিটির সদস্যরা জানান, দুর্গাপূজা উপলক্ষে অর্থসহায়তা ও শুভেচ্ছা জানানোর উদ্যোগে তাঁরা কৃতজ্ঞ।
এ আর মামুন খান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই একই মাটির সন্তান। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে সবাইকে একসঙ্গে বসবাস করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এমএস/
