কালবেলা · বিনোদন
৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন মানবিক রাশমিকা
১৫/১০/২০২৬

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ৪০০টি পরিবারের এক বছরের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর খরচ বহনের উদ্যোগ নিয়েছেন। তিন মাস পর পর পর্যায়ক্রমে এসব পরিবারের বাজারের খরচ জোগাবেন তিনি। তার আশা, এই উদ্যোগ দেখে অনুসারীরাও ছোট ছোট মানবিক কাজে এগিয়ে আসবেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই উদ্যোগের কথা জানিয়েছেন রাশমিকা। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আপনারা অনেকেই জানতে চান, জয়াম্মার সঙ্গে আমার কোনো মিল আছে কি না। আমার উত্তর—হ্যাঁ। আর এটি তার মধ্যে অন্যতম। আমি সব সময়ই এমন ছিলাম, জয়াম্মাও এমন।’
রাশমিকা জানান, আগে তিনি এসব উদ্যোগ প্রকাশ্যে আনতেন না; বিষয়গুলো নিজের ও দলের কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকত। তবে তার এই কাজ অন্যদের অনুপ্রাণিত করতে পারে ভেবেই এবার তা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। ভক্তদের ভালোবাসার প্রতিদান হিসেবেই নিয়মিত তিনি এমন কাজ করে আসছেন বলে জানান।
এই সহায়তা কর্মসূচির বিস্তারিত তুলে ধরে অভিনেত্রী জানান, একসঙ্গে ৪০০টি পরিবারকে সহায়তা দিয়ে তিনি কার্যক্রম শুরু করেছেন। আগামী এক বছর প্রতি তিন মাস পর পর পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় বাজারের খরচ তিনি বহন করবেন। এতে পরিবারগুলো বাজারের পেছনে ব্যয় হওয়া অর্থ সঞ্চয় করে ভবিষ্যৎ পরিকল্পনায় কাজে লাগাতে পারবে বলে তার প্রত্যাশা।
সংকটগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে রাশমিকা বলেন, মানুষের জীবনে পরিবর্তন আনতে বড় কোনো উদ্যোগের প্রয়োজন নেই। সামর্থ্য অনুযায়ী ছোট্ট একটি ভালো কাজও কারও জীবন বদলে দিতে পারে। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় কী কী খাদ্যসামগ্রী দেওয়া হবে, তার একটি তালিকাও তিনি প্রকাশ করেছেন।
পেশাগত জীবনে নানা চ্যালেঞ্জ, পরিশ্রম, শারীরিক আঘাত ও মানসিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে উল্লেখ করে রাশমিকা বলেন, সহায়তা পাওয়া পরিবারগুলোর মুখের হাসি তার সব কষ্টকে সার্থক করে তুলেছে। এই আনন্দ তার কাছে অমূল্য।
বর্তমানে নতুন সিনেমা ‘রণবালি’র মুক্তির অপেক্ষায় রয়েছেন রাশমিকা। ছবিটিতে তাকে দেখা যাবে 'জয়াম্মা' চরিত্রে। চরিত্রটির সঙ্গে নিজের ব্যক্তিত্বের বিশেষ মিল রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতার দিক থেকে চরিত্রটির সঙ্গে তিনি নিজের মিল খুঁজে পান।
‘রণবালি’ সিনেমায় রাশমিকার সহশিল্পী তার স্বামী বিজয় দেবেরাকোন্ডা। ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর পর এটি তাদের তৃতীয় যৌথ সিনেমা। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত ছবিটির পটভূমি ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষ’। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগের দিন, অর্থাৎ ১৫ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ ছবিটি।
সূত্র: ইন্ডিয়া টুডে
মূল প্রতিবেদনে যান ↗