গাজীপুরের শ্রীপুরে এক মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ১০ অক্টোবর তাঁরা আন্দোলন করেন। তখন কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন পরিশোধ করা হয়নি। পরে শ্রমিকেরা বারবার বকেয়া বেতন পরিশোধের দাবি জানালেও কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ তাঁদের।
শ্রমিকেরা আরও জানান, বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে তাঁরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের বিষয়ে সমাধানের প্রস্তাব দেয়। তবে শ্রমিকেরা ওই প্রস্তাবে সম্মতি না দিয়ে মহাসড়কে অবস্থান অব্যাহত রাখেন। একপর্যায়ে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বলে দাবি করেছেন শ্রমিকেরা। একই সঙ্গে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
তবে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছে শিল্প পুলিশ। গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মহাসড়ক থেকে সরে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখায় কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়। এ বিষয়ে বক্তব্য জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
The post বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ appeared first on ভোরের চেতনা.
